আগরতলা, ৮ আগস্ট: অসহায় এক ব্যক্তিকে মানবিক কারণে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধেই পরবর্তীতে বাড়ি ও জায়গা দখলের চেষ্টা এবং হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে থানায় আশ্রয় নিতে হয়েছে বলে অভিযোগ বাড়ির মালিক দীপক দত্তের। ঘটনাটি বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর এলাকার।
অভিযোগ অনুযায়ী, প্রায় এক বছর আগে এলাকার এক অসহায় ব্যক্তি লিটন দেবনাথকে তাঁর স্ত্রীকে নিয়ে সাময়িকভাবে নিজের বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছিলেন দীপক দত্ত। অন্যত্র থাকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত মানবিক কারণেই তাঁদের আশ্রয় দেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ। দীপক দত্তের দাবি, আশ্রয় নেওয়া লিটন দেবনাথ বর্তমানে ওই বাড়ির ওপর নিজের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন। শনিবার বাড়ির সামনে একটি গাছ কাটার চেষ্টা করলে দীপক দত্ত তাতে বাধা দেন। এরপরই তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, হামলার সময় কোদালের আঘাতে দীপক দত্তের পায়ে গুরুতর চোট লাগে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি নিরাপত্তার স্বার্থে বিশালগড় থানায় গিয়ে অভিযোগ জানান। এর আগেও বাজার এলাকায় তাঁকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।
দীপক দত্তের আরও অভিযোগ, পুরো ঘটনার পেছনে তাঁর বাড়ি ও জায়গা দখলের উদ্দেশ্য রয়েছে। যদিও অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
ঘটনাকে কেন্দ্র করে মধ্য ব্রজপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আক্রান্ত দীপক দত্ত।
