আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১২ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ২ থেকে ৩ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জিআরপি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সাব-ইন্সপেক্টর পঙ্কজ কুমার দাসের নেতৃত্বে পুলিশ কর্মীদের একটি দল আগরতলা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। সেই সময় একটি ট্রলি ব্যাগ নিয়ে এক যুবককে স্টেশনের মূল প্রবেশপথ এড়িয়ে বিকল্প রাস্তা দিয়ে প্রবেশ করতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে।
পরে তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ওজন করে দেখা যায়, ব্যাগে মোট ১২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা রয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, সিপাহীজলা জেলা থেকে ওই গাঁজা সংগ্রহ করে ট্রেনযোগে রাজ্যের বাইরে পাচারের উদ্দেশ্যেই সে আগরতলা রেলস্টেশনে এসেছিল। তবে এই বক্তব্যের সত্যতা এবং পাচারচক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনায় ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত শুরু করেছে জিআরপি। ধৃতকে রবিবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
