Home খেলাউদয়পুরে শুরু ৬৫তম সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ রাজ্য ফুটবল প্রতিযোগিতা

উদয়পুরে শুরু ৬৫তম সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ রাজ্য ফুটবল প্রতিযোগিতা

by Rajesh Roy
0 comments

আগরতলা , ৭ আগস্ট: ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় উদয়পুরের রমেশ ইংলিশ মিডিয়াম এইচ.এস. স্কুলের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে শুক্রবার জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হলো ৬৫তম অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের রাজ্যভিত্তিক সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০২৬। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট নয়টি দল অংশগ্রহণ করেছে।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জেলার অংশগ্রহণকারী দলের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সিমল দাস এবং গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজন সেন, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, সমাজসেবী সবিতা নাগ, সমাজসেবক সানি সাহা, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সম্পাদক অপু রায়-সহ ক্রীড়া ও প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে সিমল দাস বলেন, রাজ্যে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আকৃষ্ট করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রেও এই উদ্যোগ বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

banner

প্রতিযোগিতার প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ ত্রিপুরা জেলা এবং ধলাই জেলা। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াইয়ে ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

আয়োজক সূত্রে জানা গেছে, তিনদিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী দিনে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে। ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

You may also like

Leave a Comment