আগরতলা , ৭ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে দিন দিন প্রকট হয়ে উঠছে যানজটের সমস্যা। শহরের ব্যস্ততম সড়কগুলিতে যত্রতত্র যানবাহন পার্কিং এবং অপর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভিযোগে চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে শুক্রবার শহরের সেন্ট্রাল রোডে দীর্ঘ সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সেন্ট্রাল রোডে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। যানজটে আটকে পড়েন অফিসগামী, স্কুল-কলেজের পড়ুয়া, রোগী বহনকারী যানবাহনসহ অসংখ্য সাধারণ মানুষ। তবে সেই সময় ট্রাফিক পুলিশের দৃশ্যমান তৎপরতা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ।
শহরবাসীর দাবি, সেন্ট্রাল রোডসহ ধর্মনগরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার উপরেই নিয়ম ভেঙে যানবাহন দাঁড় করিয়ে রাখা হচ্ছে। ফলে রাস্তার চলাচলের পরিসর কমে গিয়ে সামান্য চাপেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এই অবৈধ পার্কিং রোধে ট্রাফিক পুলিশের নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয়রা।
এছাড়াও, একাংশের অভিযোগ, শহরের অভ্যন্তরে যানজট নিয়ন্ত্রণের পরিবর্তে ট্রাফিক পুলিশের অধিকাংশ তৎপরতা শহরের বাইরের রাস্তায় যানবাহন তল্লাশি ও জরিমানা আদায়কে কেন্দ্র করেই সীমাবদ্ধ। এর ফলে শহরের ব্যস্ত এলাকাগুলিতে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যত উপেক্ষিত হচ্ছে।
স্থানীয়দের আরও দাবি, অনেক সময় ট্রাফিক পুলিশ উপস্থিত না থাকায় যানজট নিরসনে টমটম চালক ও সাধারণ মানুষকেই এগিয়ে এসে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়, যা প্রশাসনিক ব্যবস্থার ওপর প্রশ্নচিহ্ন তৈরি করছে।
শহরবাসীর দাবি, ধর্মনগরের যানজটপ্রবণ এলাকাগুলিতে নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানো হোক।
