Home আগরতলাদশ বছর পর ভোটের সুযোগ, তেলিয়ামুড়ার বুথে ভোর থেকেই জনস্রোত

দশ বছর পর ভোটের সুযোগ, তেলিয়ামুড়ার বুথে ভোর থেকেই জনস্রোত

by Debasish
0 comments 6 views

ভিলেজ কাউন্সিল নির্বাচনে উৎসাহ তুঙ্গে, তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

তেলিয়ামুড়া, ২৮ সেপ্টেম্বর: দীর্ঘ প্রায় এক দশকের প্রতীক্ষার পর অবশেষে নিজেদের এলাকার প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেলেন টিটিএএডিসি এলাকার ভোটাররা। সোমবার সকাল ৭টা থেকে শুরু হওয়া ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণকে ঘিরে তেলিয়ামুড়া আরডি ব্লকের বিভিন্ন এলাকায় সকাল থেকেই দেখা গেল ভোটারদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক বুথে লম্বা হতে থাকে ভোটারদের সারি।

তেলিয়ামুড়ার তারা চান রূপিনী এস.বি. স্কুল, হদ্রাই রাধামাধব হাই স্কুল এবং দুখাই জমাদারপাড়া স্কুল-সহ একাধিক কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী-পুরুষ নির্বিশেষে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা।

দীর্ঘ বিরতির পর স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়ায় ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। অনেকের কাছেই এদিনের ভোট ছিল নিজেদের এলাকার ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নেওয়ার প্রত্যক্ষ সুযোগ। সেই কারণে সকাল থেকেই বুথমুখী মানুষের ভিড় চোখে পড়ে।

মুঙ্গিয়াকামিতেও বুথে বুথে ভিড়

শুধু তেলিয়ামুড়া নয়, পাশের মুঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন ভিলেজ কাউন্সিল এলাকাতেও সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় প্রতিনিধি নির্বাচনের এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল স্বতঃস্ফূর্ত।

নির্বাচনকে কেন্দ্র করে দুই এলাকাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পোলিং স্টেশনে নিরাপত্তাকর্মীদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদেরও পরিস্থিতির উপর নজর রাখতে দেখা যায়। ভোটারদের যাতে কোনও ধরনের সমস্যা ছাড়াই ভোট দিতে পারেন, সেদিকেও নজর রাখা হয়।

You may also like

Leave a Comment