Home ত্রিপুরাভিলেজ কমিটি ভোটে তেলিয়ামুড়া-মুঙ্গিয়াকামিতে পুলিশের কড়া নজরদারি

ভিলেজ কমিটি ভোটে তেলিয়ামুড়া-মুঙ্গিয়াকামিতে পুলিশের কড়া নজরদারি

by Debasish
0 comments 4 views

স্পর্শকাতর এলাকায় পেট্রোলিং, যানবাহনে তল্লাশি ও এরিয়া ডমিনেশন; নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান পুলিশ সুপারের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন। শনিবার ৪৩ নম্বর বিলাধন চৌধুরীপাড়া হাইস্কুল, মুঙ্গিয়াকামি-সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন খোয়াই জেলার পুলিশ সুপার ভি. জে. রেড্ডি, অ্যাডিশনাল এসপি জাস্টিন জোসেফ, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিসান, তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্য-সহ পুলিশ, সিআরপিএফ ও টিএসআর আধিকারিকরা।

নির্বাচনকে সামনে রেখে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়াতে নিয়মিত ফুট পেট্রোলিং, যানবাহনে তল্লাশি এবং এরিয়া ডমিনেশন চালানো হচ্ছে। পাশাপাশি চিহ্নিত স্পর্শকাতর এলাকাগুলিতে রাখা হয়েছে বিশেষ নজরদারি। জেলা পুলিশের সঙ্গে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানরাও নিরাপত্তা ব্যবস্থায় অংশ নিচ্ছেন।

৪৩ নম্বর বিলাধন চৌধুরীপাড়া হাইস্কুলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোয়াই জেলার পুলিশ সুপার ভি. জে. রেড্ডি জানান, নির্বাচন ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট থানার ওসি, এসডিপিও, অ্যাডিশনাল এসপি, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং সিআরপিএফ-এর কোম্পানি কমান্ডারদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ধারাবাহিকভাবে ফুট পেট্রোলিং, গাড়িতে তল্লাশি এবং এরিয়া ডমিনেশন করা হচ্ছে। এলাকার স্পর্শকাতরতার বিষয়টি মাথায় রেখে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করা এবং কোনো সমাজবিরোধী শক্তি যাতে সক্রিয় হতে না পারে, সেদিকেও বিশেষ নজর রয়েছে।

নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান পুলিশ সুপার।

এদিন সংবাদমাধ্যমের মাধ্যমে এডিসি এলাকার ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ভোটের মাধ্যমেই সাধারণ মানুষ তাঁদের মতামত প্রকাশ করেন। তাই কোনও ধরনের ভয় বা সংশয় না রেখে সকল ভোটারকে ভোটদানে অংশ নেওয়ার আবেদন জানান তিনি।

You may also like

Leave a Comment