খোয়াই, ২১ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (TTAADC)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা পুলিশের পক্ষ থেকে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের মধ্যে নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আগামী ২৮ সেপ্টেম্বর TTAADC-এর ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যের নির্বাচনী এলাকাগুলিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নির্বাচনের আগে নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে।
এরই অংশ হিসেবে সোমবার খোয়াই জেলা পুলিশের উদ্যোগে তুলাশিখর সাব-জোনাল এলাকা থেকে ফ্ল্যাগ মার্চ শুরু হয়। পরে পূর্ব রাজনগর, কলাবাগান হয়ে পূর্ব তকছায়া এলাকায় পুলিশের এই কর্মসূচি পৌঁছায়।
ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রঙ্গ দুলাল দেববর্মা, চাম্পাহাউর থানার ওসি সনেশ দেববর্মা, খোয়াই মহিলা থানার ওসি মীনা দেববর্মা, সেকেন্ড ওসি অজিত দেববর্মা, এএসআই শ্যামল দেববর্মা-সহ অন্যান্য পুলিশ আধিকারিক, টিএসআর জওয়ান ও পুলিশকর্মীরা।
পুলিশের এই তৎপরতার মূল লক্ষ্য হল নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখা।