কমলপুর, ১২ সেপ্টেম্বর : মদ্যপ অবস্থায় সংসারের সামান্য বিষয় নিয়ে বচসার জেরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রিয়াঙ্কা মুসহর (২৫) নামে এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কমলপুর থানার অন্তর্গত লালছড়ি ভূমিজ পাড়ায়।
আহত গৃহবধূর স্বামী বিমল ভূমিজ পেশায় শ্রমিক। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরেন বিমল ভূমিজ। এরপর সংসারের সামান্য বিষয় নিয়ে স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর বচসা শুরু হয়। একসময় বচসা চরমে উঠলে উত্তেজিত হয়ে বিমল ঘর থেকে কুড়াল নিয়ে এসে স্ত্রীর মাথায় কোপ বসিয়ে দেন বলে অভিযোগ।
কুড়ালের আঘাতে গুরুতর জখম হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন প্রিয়াঙ্কা। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে দ্রুত কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য রাতেই ধলাই জেলার কুলাই জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ।
এদিকে, ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত বিমল ভূমিজ পলাতক। তাঁকে গ্রেফতারের জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।
ঘটনা সম্পর্কে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত গৃহবধূর মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুলাই হাসপাতালে পাঠানো হয়েছে।