Home আগরতলাঅস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে ভূতুড়িয়া বিদ্যুৎ অফিস ঘেরাও

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে ভূতুড়িয়া বিদ্যুৎ অফিস ঘেরাও

by Roy
0 comments

তিপরা মথা মাইনোরিটি সেলের বিক্ষোভ, ডেপুটেশন; ‘বিদ্যুৎ বিল মানি না’ স্লোগানে সরব আন্দোলনকারীরা

আগরতলা, ১১ আগস্ট: অস্বাভাবিক বিদ্যুৎ বিল, স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগের প্রতিবাদে সরব হল তিপরা মথা দলের মাইনোরিটি সেল। বিদ্যুৎ বিলের ঊর্ধ্বগতি ও জনদুর্ভোগের অভিযোগ তুলে ভূতুড়িয়া এলাকার বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মী-সমর্থকরা। পরে দফতরের আধিকারিকের কাছে ডেপুটেশনও দেওয়া হয়।

এদিন বিক্ষোভ কর্মসূচিতে ‘বিদ্যুৎ বিল মানি না’, ‘গরিব মানুষ বাঁচতে চায়’—সহ বিভিন্ন স্লোগান ওঠে। পাশাপাশি বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যার জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, অনেক সাধারণ গ্রাহকের কাছে তাঁদের ব্যবহারের তুলনায় অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসছে। ফলে সীমিত আয়ের পরিবারগুলির উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।

আন্দোলনকারীদের বক্তব্য, বিদ্যুৎ বিলের অসঙ্গতি নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও অনেক ক্ষেত্রে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। বিশেষ করে স্মার্ট মিটার চালুর পর বিল বৃদ্ধি এবং মিটার রিডিং সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সামনে আসছে বলে দাবি করেন তাঁরা।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে কয়েকটি বিদ্যুৎ বিলের উদাহরণ তুলে ধরে দাবি করা হয়, কোথাও তুলনামূলক কম ইউনিট ব্যবহারের পরও কয়েক হাজার টাকার বিল এসেছে। এমনকি অস্বাভাবিক অঙ্কের বিল পাওয়ার ঘটনাও সামনে এসেছে বলে দাবি তাঁদের। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ দফতরের বক্তব্য জানা যায়নি।

banner

এদিনের কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বিদ্যুৎ বিলের অসঙ্গতি দ্রুত খতিয়ে দেখা, ভুল বিল সংশোধন, গ্রাহকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করার দাবি জানান। পাশাপাশি স্মার্ট মিটার সংক্রান্ত অভিযোগগুলিও গুরুত্ব দিয়ে পর্যালোচনার দাবি ওঠে।

আন্দোলনকারীদের বক্তব্য, সাধারণ মানুষের আয় সীমিত। সেই পরিস্থিতিতে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা অনেক পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়ছে। তাই গ্রাহকদের স্বার্থে বিদ্যুৎ বিল ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ শেষে সংগঠনের প্রতিনিধিরা বিদ্যুৎ নিগমের আধিকারিকের হাতে ডেপুটেশন তুলে দেন। তাঁদের দাবি, দ্রুত সমস্যাগুলির সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment