আগরতলা, ৭ আগস্ট: দীর্ঘদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, ঘনঘন লোডশেডিং এবং বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থাপনার অভিযোগে শুক্রবার ত্রিপুরার লংথরাই ভ্যালি মহকুমার মনুঘাট এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করলে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সড়কের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকে পড়ে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় নিম্নমানের বিদ্যুৎ পরিষেবা চলছে। প্রায় প্রতিদিনই ঘনঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি একাধিকবার বিদ্যুৎ দপ্তরের নজরে আনা হলেও স্থায়ী সমাধানের জন্য কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
বিক্ষোভ চলাকালীন অবিলম্বে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবার অবনতির জন্য দায়ী করে রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।
জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হয়নি এবং জাতীয় সড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত ছিল।
