উদয়পুর, ২১ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন নূতনবাজার এলাকার বাসিন্দারা—এমন অভিযোগ তুলে এবার সরব হল তিপ্রা মথা। সোমবার জতনবাড়ির গর্জনটিলা জল শোধনাগারে ডেপুটেশন দিয়ে নিয়মিত ও নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহের দাবি জানায় দলের স্থানীয় নেতৃত্ব।
তিপ্রা মথার প্রতিনিধি দলে ছিলেন প্রহ্লাদ হাজরি, রাসেন্দ্র দাস, ভুটান সূত্রধর, সুমন মারাক-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, প্রায় দেড় মাস ধরে নূতনবাজারের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট চলছে। বিভিন্ন এলাকায় প্রতিদিন জল সরবরাহ হচ্ছে না। কোথাও একদিন জল পাওয়ার পর পরবর্তী প্রায় তিন দিন পর্যন্ত জল না পাওয়ার অভিযোগও উঠেছে।
দলের স্থানীয় নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও পরিস্থিতির স্থায়ী সমাধান হয়নি। ফলে পানীয় জলের মতো মৌলিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত সমস্যা সমাধান করে নিয়মিত জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
এই জলসংকটের জন্য শাসকদল বিজেপির বিরুদ্ধে সরব হন তিপ্রা মথার নেতারা। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথার প্রার্থীরা জয়ী হলে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তাঁরা দাবি করেন।
তবে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন (DWS) দফতর সূত্রে জানা গেছে, গর্জনটিলা জল শোধনাগারের একটি মোটরে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। বর্তমানে অতিরিক্ত বা বিকল্প মোটর না থাকায় বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ ব্যাহত হয়েছে। তবে বিকল মোটরটি দ্রুত মেরামত করে আগামী এক-দুই দিনের মধ্যে স্বাভাবিক জল সরবরাহ ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন দফতরের আধিকারিকরা।